শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। রবিবার (৪ জানুয়ারি) সকালে নিহতের বাড়িতে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ দাবি জানান।
শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু বলেন, খোকন দাস একজন গ্রাম্য চিকিৎসক হিসেবে আজীবন মানুষের সেবা করেছেন। তাকে যেভাবে ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়েছে, তা চরম অমানবিক। তিনি অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, এই বিচার নিশ্চিতে বিএনপি পরিবার দেশবাসীকে সঙ্গে নিয়ে সোচ্চার থাকবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন খোকন দাস। চিকিৎসাধীন অবস্থায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।




মন্তব্য করুন