শরীয়তপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন স্রোত—আওয়ামী লীগ, যুবশক্তি ও বিজেপির তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে জমিয়ে তুলেছেন আলোচনা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী ও শরীয়তপুর–১ আসনের মনোনীত প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং একই আসনের আরেক প্রার্থী সাঈদ আহমেদ আসলামের হাতে ফুলের মালা পরিয়ে শুক্রবার রাতে এ যোগদান সম্পন্ন হয়।

সদর উপজেলার বুড়িরহাট এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব, এবং বিজেপি যুবশক্তির সদস্য সচিব মো. সিয়ামসহ বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিকে নিজেদের নতুন রাজনৈতিক ঠিকানা হিসেবে বেছে নেন।

এর আগে বিকেলে মজিবর রহমান খোকন তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান,
“বিগত সরকারের আমলে আমি নির্যাতিত–নিষ্পেষিত ছিলাম। ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছি। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলাম।”
জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিবও জানালেন,
“এনসিপির নতুন বন্দোবস্তের স্বপ্ন সফল হয়নি। তাই প্রায় শতাধিক সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হলাম।”

যোগদানকারীদের স্বাগত জানিয়ে বিএনপি নেতা নুরুদ্দিন অপু বলেন,
“দল–মত ভুলে আমরা সবাই এক পরিবার। হিংসা–বিদ্বেষের রাজনীতিকে পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ ও উন্নত শরীয়তপুর গড়ে তুলতে চাই।”

রাজনৈতিক দলে বড় ধরনের এ রদবদল শরীয়তপুরের মাঠ–পর্যায়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

Facebook Comments Box