শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চারভাগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী ১১৩ নম্বর পাইকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে শতাধিক নারী–পুরুষ ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন।
স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনে এই কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়ে আসছে। বর্তমানে নারী-পুরুষ মিলে প্রায় ২ হাজার ৬০০ ভোটার এই কেন্দ্রের অধীনে রয়েছে। নির্বাচন যতবারই হয়েছে, কখনো কোনো অপ্রীতিকর ঘটনার রেকর্ড নেই—এটাই কেন্দ্রের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস।
এর আগে গত ১৪ ডিসেম্বর এলাকাবাসীর পক্ষে সাবেক মেম্বার আমজাত মোল্লা উপজেলা নির্বাচন অফিসারের কাছে কেন্দ্রটি স্থানান্তর না করার আবেদন করেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন,
“এটি একটি ঐতিহাসিক ভোটকেন্দ্র। বহু নির্বাচনে এখানকার মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। ব্যক্তিস্বার্থে কেন্দ্র স্থানান্তরের অপচেষ্টা বরদাশত করা হবে না।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। তারা বলেন,
“অতীতেও চেষ্টা হয়েছিল, কিন্তু এলাকাবাসীর ঐক্যের কারণে ব্যর্থ হয়েছে। এবারও আমরা তা সফল হতে দেব না।”
এ ঘটনায় পুরো এলাকায় উত্তপ্ত আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি—ঐতিহ্য ও সুবিধা বিবেচনায় বর্তমান কেন্দ্রটিই বহাল রাখতে হবে।

Facebook Comments Box