শরীয়তপুরে বহুল আলোচিত ছয় বছরের শিশু হৃদয় খান নিবির হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। হৃদয়বিদারক এ ঘটনার দীর্ঘ আড়াই বছর পর অবশেষে স্বস্তির খবর পেল পরিবার ও এলাকাবাসী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মোহাম্মদ হাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে দুই আসামির ফাঁসি এবং আরেক আসামির ২১ বছরের কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি তিন আসামিকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

২০২৩ সালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিবিরকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবার মুক্তিপণ না দিয়ে পুলিশে বিষয়টি জানালে অপহরণকারীরা নিষ্ঠুরভাবে শিশুটিকে হত্যা করে বাড়ি থেকে মাত্র পাঁচশ মিটার দূরের একটি পরিত্যক্ত জমিতে মাটিচাপা দেয়। পরদিন সকালেই পুলিশ সেখানে থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে।

নিহত শিশু নিবির ডোমসার ইউনিয়নের খিলগাঁও এলাকার মনির খান ও নিপা আক্তার দম্পতির একমাত্র সন্তান ছিলেন। স্কুল থেকে খেলা করতে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে—ঘটনাটি এখনো এলাকাবাসীর মনে শোকের ভার হয়ে আছে।

রায়ের প্রতিক্রিয়ায় শিশুটির বাবা মনির খান বলেন,
“আমার আদরের সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। এখন আমাদের একটাই দাবি—দোষীদের দ্রুত ফাঁসি কার্যকর করা হোক।”

রাষ্ট্রপক্ষের পিপি এডভোকেট কামরুল হাসান বলেন,
“রায়টি নৃশংস শিশুহত্যার বিরুদ্ধে শক্ত বার্তা দেবে। আমরা রায়ে সন্তুষ্ট।”

Facebook Comments Box