শরীয়তপুরের ভেদরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ আনোয়ার হোসেন (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পুলিশ জানায়, রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পূর্ব গৈড্যা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর মো. রাহাত কবিরের নেতৃত্বে যৌথ বাহিনী আনোয়ার হোসেনের বাড়িতে হানা দেয়।
অভিযানকালে ওই বাড়ি থেকে ৮ বোতল বিদেশি মদ, ৪টি খালি মদের বোতল, ৪টি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক আনোয়ার হোসেন পূর্ব গৈড্যা এলাকার মৃত মতলব মুন্সির ছেলে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, আটক আনোয়ার হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাকে আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নির্বাচনের আগে জেলাজুড়ে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই যৌথ তল্লাশি চালানো হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।




মন্তব্য করুন