শরীয়তপুরের নড়িয়ায় অন্তত তিনটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫টি তাজা হাতবোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারিকান্দি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বোমা মজুতের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— মেহেদী হাসান (২৫), বাচ্চু প্যাদা (৬০) ও রনি প্যাদা (১৮)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

যৌথ বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে পোড়াগাছা ব্যাপারিকান্দি এলাকায় চিরুনি অভিযান শুরু হয়। এ সময় ওই এলাকার খলিল প্যাদা, বাচ্চু প্যাদা ও জিলু মাদবরের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই বিস্ফোরক উদ্ধার করা হয়। হাতবোমা ছাড়াও ওইসব বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে অভিযানকারীরা।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। আটক তিনজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভোটের আগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, নাশকতার উদ্দেশ্যেই এসব বোমা এলাকায় মজুত করা হয়েছিল।

Facebook Comments Box