দীর্ঘদিন পর শরীয়তপুরে নির্বাচনী প্রচারণায় ফিরল উৎসবের আমেজ। ভোটারদের নজর কাড়তে চিরাচরিত মাইকিং বা লিফলেট বিতরণের বাইরে গিয়ে এবার সার্কাস দলের সদস্যদের মাঠে নামিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর জেলা শহরে এই ব্যতিক্রমী প্রচারণা দেখা যায়।
বগুড়া থেকে আসা ‘সোনার বাংলা সার্কাস’ দলের সদস্যরা এই প্রচারণায় অংশ নিচ্ছেন। তাদের কেউ রণ পা লাগিয়ে দীর্ঘদেহী সেজেছেন, কেউ এক চাকার সাইকেল চালাচ্ছেন। আবার কেউ জোকার সেজে ডিগবাজি বা শারীরিক কসরত দেখিয়ে মাতিয়ে রাখছেন সাধারণ মানুষকে। ধানের শীষের এই ভিন্নধর্মী প্রচার দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
স্থানীয় ভোটাররা এই আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন। সুজন মোল্লা নামের এক তরুণ ভোটার বলেন, গত কয়েকটি নির্বাচন ছিল নামমাত্র, তাই কোনো প্রচারণা ছিল না। এবার বিএনপির প্রার্থীর এই সার্কাস দলের কসরত দেখে মনে হচ্ছে সত্যিই দেশে একটি নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। অনেক নারী ভোটারকেও দেখা গেছে সার্কাস সদস্যদের সঙ্গে ছবি তুলতে।
সোনার বাংলা সার্কাস দলের প্রধান সুশান্ত মোদক জানান, তারা রনপা, এক চাকার সাইকেল ও বায়োস্কোপের মাধ্যমে ভোটারদের বিনোদন দেওয়ার পাশাপাশি প্রার্থীর পক্ষে জনমত গঠন করছেন।
ব্যতিক্রমী এই প্রচারণার বিষয়ে বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, “দীর্ঘদিন পর দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। আমরা কেবল ভোট নয়, ভোটারদের বিনোদনও দিতে চাই। সাধারণ মানুষ এই উদ্যোগকে খুব ভালোভাবে গ্রহণ করেছে।”
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে ১০টি দলের ১৭ জন ও ৪ জন স্বতন্ত্রসহ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণকে সামনে রেখে জেলাজুড়ে এখন তুঙ্গে নির্বাচনী প্রচারণা।

মন্তব্য করুন