শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর ভাই ও একটি বিস্ফোরণ মামলার পলাতক আসামি সিদাম ব্যাপারীর বাড়ির পেছনের বাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি বিলাসপুরের মুলাই ব্যাপারীকান্দি এলাকার একটি ঘরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সিদাম ব্যাপারী পলাতক রয়েছেন। আজ ভোরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ওই এলাকায় বিশেষ অভিযানে নামে। তল্লাশিকালে সিদাম ব্যাপারীর বাড়ির পেছনের বাগানে দুটি বালতি থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করা হয়।
জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিলাসপুর ইউনিয়নে ককটেল বিস্ফোরণ ও নাশকতার আশঙ্কা দীর্ঘদিনের। গত এক মাসে ওই এলাকা থেকে পুলিশ ও যৌথ বাহিনী দফায় দফায় অভিযান চালিয়ে প্রায় ৮০টি ককটেল উদ্ধার করেছে। গত ২ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী নড়িয়া উপজেলা থেকেও ৯৫টি ককটেল উদ্ধার করেছিল যৌথ বাহিনী। এলাকায় শান্তি বজায় রাখতে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।




মন্তব্য করুন