ডামুড্যা উপজেলায় সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ স্থাপন করে এ সামাদ ইসলামী অ্যাকাডেমী-এর মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) মা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আয়োজিত এই দিনের ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন।

ফাতেমা বেগম জানান, “আমরা ইচ্ছা থাকলেও অনেক সময় হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ বাড়ির পাশে বসেই চক্ষু চিকিৎসা পেয়েছি। ফ্রি ওষুধও দেওয়া হয়েছে, এতে আমাদের অনেক উপকার হলো।”
ডা. শামীম হোসেন বলেন, “ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষা, চোখের ছানি ও অন্যান্য রোগের শনাক্তকরণ, কম্পিউটারের মাধ্যমে ভিশন কারেকশন এবং পূর্ণ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সব বয়সের মানুষ এতে অংশগ্রহণ করেছে।”

এ সামাদ ইসলামী অ্যাকাডেমীর প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামাল হোসেন ঝন্টু সিকদার বলেন, “ডামুড্যা উপজেলায় অনেক মানুষ চোখের নানা সমস্যায় ভুগছেন, কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি। সকল শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এমন কার্যক্রম আরও আয়োজন করা হবে।”

স্থানীয়রা বলেন, এই ধরনের ক্যাম্প সাধারণ মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। তারা মনে করছেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এলাকার মানুষ বাড়ির কাছেই মানসম্মত চিকিৎসা পেয়ে স্বস্তি পেয়েছে। এই উদ্যোগ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সমাজে মানবিক সহমর্মিতা ছড়িয়ে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প শুধু চিকিৎসা নয়, বরং সমাজে সহমর্মিতা, সচেতনতা এবং মানুষের স্বাস্থ্যের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের অনন্য উদাহরণ স্থাপন করেছে।

Facebook Comments Box