ইংরেজী নববর্ষ ২০১৯ এর প্রথম দিনে শরীয়তপুরের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের এবতেদায়ী ও দাখিল পর্যায়ের প্রথম শ্রেনী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
উৎসব মূখর পরিবেশে মঙ্গলবার বেলা ১১ টায় জেলা শহরে অবস্থিত তুলাসার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের।
পালং তুলাসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক এর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাংবাদিক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তফাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাহবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের সহযোগিতায় উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, আমরা কোনদিন জানুয়ারী মাসে নতুন বই পাইনি। তোমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভাগ্যবান। ১০ বছর যাবৎ প্রতি বছরের প্রথম দিন ৩৫ কোটি নতুন বই তোমাদের হাতে তুলে দেয়া হয়। তোমরা এখন নতুন বই পেয়ে থাকো প্রধানমন্ত্রীর কল্যাণে। তাই আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। আমরা যখন পড়াশুনা করতাম তখন বার্ষিক পরীক্ষা শেষ হলেই উপরের ক্লাশের আত্মীয়-স্বজন বা পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে পুরাতন বই সংগ্রহ করতাম। পাঠ্য বইয়ের তালিকা পেতেই জানুয়ারী মাস চলে যেত। মার্চ মাসেও সব বই পেতাম না। তোমাদের স্বপ্ন নিয়ে পড়ালেখা করতে হবে। প্রধানমন্ত্রী তোমাদের স্বপ্ন দিয়েছে ভিশন ২০৪১। ২০৪১ সালে ভিশন বাস্তবায়ন করবে তোমরা। সেই লক্ষ্যে তোমাদের এগিয়ে যেতে হবে।
এরপর তিনি সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ও বেলা ১১ টায় তুলাসার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তলে দেন।

Facebook Comments Box