শরীয়তপুর সদর উপজেলায় দুই মাসের ঘুমন্ত শিশুকে লবণ খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২০ এপ্রিল) সদর উপজেলার যুব উন্নয়ন সংলগ্ন বাঘিয়া গ্রামে লক্ষি নারায়ণ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু গবিন্দ লক্ষি নারায়ণ মন্ডলের নাতী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টায় বাচ্চাকে ঘরের ভেতর ঘুম পাড়িয়ে মা দিপা স্নান করতে যায়। স্নান করে ঘরে এসে বাচ্চাকে ঘরে না পেয়ে খুঁজতে থাকেন তিনি। খবর পেয়ে নিহত শিশুর ফুপি গীতা এসে অনেক খোঁজাখুঁজি করে বারান্দায় খাটের উপর শিশুটিকে ওয়াল ক্লথ দিয়ে ঢেকে রাখা দেখেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশুটির মাথায়, নাকে ও মুখে লবণ মাখানো ছিল। সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা শিশুটিকে হত্যা করে চলে যায়। ওই সময় শিশুর দাদা লক্ষি নারায়ণ মন্ডল (৭০) ঘরের দরজায় বসে ছিলেন। তিনি চোখে কম দেখায় ঘাতকদের চিনতে পারেন নি।
প্রতিবেশী প্রমিতা মন্ডল বলেন, আমি প্রথমে শিশুটির মরার খবর পেয়ে ছুটে আসি। তবে এখানে এসে শুনি লবণ খাওয়ায় শিশুটিকে মেরে ফেলেছে।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, শিশুটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন