শরীয়তপুরের ডামুড্যায় খোকন দাস (৫০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের সময় চিনে ফেলায় তাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এ ঘটনা ঘটে।
আহত খোকন দাস ওই এলাকার পরেশ দাসের ছেলে। তিনি স্থানীয় কেউরভাঙ্গা বাজারে ওষুধের ব্যবসার পাশাপাশি মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট হিসেবে কর্মরত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন দাস। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন থেকে চারজনের একটি সশস্ত্র দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে এবং সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় খোকন দাস হামলাকারীদের একজনকে চিনে ফেললে তারা তার শরীরে ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গুরুতর দগ্ধ ও জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রোগীর মাথায় ও হাতে পোড়া ক্ষত ছাড়াও পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
আহত খোকন দাসের একটি ভিডিওতে তাকে নির্দিষ্ট কয়েকজনের নাম বলতে শোনা গেছে। এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ছিনতাইয়ের পর চিনে ফেলায় ওই ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন