আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের প্রতিনিধি চন্দ্র সিনহা। সভাপতিত্ব করেন কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান (বাচ্চু)।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করা জরুরি। অংশগ্রহণকারী প্রার্থী, তাদের সমর্থক ও রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি সম্পর্কে সচেতন থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তারা।

সভায় আরও জানানো হয়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্বাচনের আগে বা পরে কোনো ধরনের অপপ্রচার, সংঘাত বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

গণভোট সংক্রান্ত দিকগুলোও সভায় উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা মত দেন—গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার–প্রচারণা ও তথ্যভিত্তিক সচেতনতা জরুরি।

সভা শেষে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী সকল পক্ষকে শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box