শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে স্কুল ছুটির পর দৌঁড়ে রাস্তা পার হতে গিয়ে অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম আদিবা ইসলাম (৫)। সে নাগেরপাড়া ইউনিয়নের রাণীসার গ্রামের বোরহান উদ্দিন ও মাহমুদা বেগম দম্পতির ছোট মেয়ে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আদিবা নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্কুল ছুটির পর মায়ের হাত ধরে সড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই মায়ের হাত ছেঁড়ে দেয় আদিবা। এসময় সে দৌঁড়ে রাস্তা পার হতে গিয়ে চলমান একটি অটোরিক্সার নিচে পরে।

পরিবারের দাবি, অটোরিক্সাটি দ্রুত গতিতে চালাচ্ছিল এবং চালকের তেমন নিয়ন্ত্রণ ছিল না।

ঘটনার পর আদিবাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মাহমুদা বেগম বলেন, “আমার সোনা মামনিকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। প্রতিদিন আমার হাত ধরে বাড়ি যেত সে। আজ হঠাৎ করেই হাত ছেঁড়ে রাস্তা পার হতে গিয়ে আমার মা শেষ হয়ে গেলো। আমার মা আর কথা কয় না।”

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, “নাগেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।”

 

Facebook Comments Box