মাদক ও জুয়ার কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে মাদক ও জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার নাগেরপাড়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে নাগেরপাড়া বাজার এলাকায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

র‍্যালিটি নাগেরপাড়া বাজারের অটো স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অটো স্ট্যান্ডে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালিতে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও দুদকের পাবলিক প্রসিকিউটর খান মোহাম্মদ মাইনুল হাসান লিপন, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান দপ্তরি, নাগেরপাড়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শাহীন, জাকির হোসেন মিন্টু দপ্তরি, মাহাবুব আলম কবির মৃধা, নাগেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ র‍্যালিতে অংশ নেন। অংশগ্রহণকারীরা “মাদক নয়, সুস্থ জীবন চাই”, “জুয়া নয়, উন্নয়ন চাই”সহ বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপকর্ম থেকে দূরে থাকতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদক ও জুয়া বিরোধী এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box