শরীয়তপুরের মানুষের দীর্ঘদিনের আর্তনাদ নদী ভাঙন রোধে বিজ্ঞানসম্মত ও টেকসই সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাবেক একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পদ্মা-মেঘনার ভাঙন থেকে জেলাবাসীকে রক্ষায় কার্যকর নদীশাসন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গোসাইরহাট উপজেলার আলাওলপুর আব্দুল হাফেজ সরদার আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপু বলেন, “শরীয়তপুরের অধিকাংশ এলাকা নদী তীরবর্তী হওয়ায় প্রতি বছর হাজার হাজার মানুষ গৃহহীন হচ্ছে। ফসলি জমি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান—সবই বিলীন হচ্ছে নদীগর্ভে। অথচ এই মানবিক সংকটের কোনো স্থায়ী সমাধান আজও দৃশ্যমান নয়। বিএনপি ক্ষমতায় গেলে শুধু বাঁধ নয়, বিজ্ঞানসম্মত নদীশাসনের মাধ্যমে এই সমস্যার টেকসই সমাধান করবে।”
নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শরীয়তপুর-৩ আসনের মানুষ তাকে পরিবারের সদস্য হিসেবে আপন করে নিয়েছেন। গ্রামপর্যায়ে গণসংযোগে সাধারণ মানুষ নদী ভাঙনের পাশাপাশি কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার সংকটের কথা তুলে ধরছেন। এই সমস্যাগুলো সমাধানে একটি জনবান্ধব ও দায়বদ্ধ রাজনৈতিক নেতৃত্বের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাংগঠনিক সম্পাদক টিআইএম মহিতুল গণি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহমেদ এবং আলাওলপুর ইউপি চেয়ারম্যান ওসমান গনি বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।




মন্তব্য করুন