শরীয়তপুরের জাজিরা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হক কবিরাজকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

জাজিরা থানা সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আব্দুল হক কবিরাজের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মামলার পাশাপাশি শরীয়তপুরের জাজিরায় আরও কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ, এবং জাজিরা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের জামাল মাদবর কান্দি গ্রামে প্রতিপক্ষের ওপর হামলার মামলা।

আটকের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে জাজিরা থানায় হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box