সোমবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজী তাহের মল্লিকের কান্দি এলাকায় পুকুরে ডুবে সিয়াম (৩) ও আবদুল্লাহ (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা পরিবারের নজর এড়িয়ে বাড়ির পেছনের খোলা জায়গায় খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা চলে যায় পাশের পুকুরঘাটে। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে নেমে খোঁজ করতে গিয়ে পানির নিচে নিথর অবস্থায় পাওয়া যায় শিশু দুটির দেহ।
নিহত সিয়াম ওই এলাকার আবু নাঈমের ছেলে এবং আবদুল্লাহ দুলাল মল্লিকের সন্তান। শিশু দুটি প্রায়ই একসঙ্গে খেলত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
স্থানীয় বাসিন্দা বাদশা শেখ বলেন,
“ওরা সবসময় একসঙ্গে থাকত। আজ দুজনকেই একসঙ্গে হারালাম। এমন দৃশ্য সহ্য করা যায় না।”
শোকাহত সিয়ামের বাবা আবু নাঈম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার সিয়াম তো সবে কথা বলতে শিখছিল। আমি ওকে আর জড়িয়ে ধরতেও পারলাম না।”
নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী বলেন,
“এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। শিশুদের নিরাপত্তায় পরিবার ও এলাকাবাসীকে আরও সচেতন হতে হবে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সহানুভূতি জানানো হয়েছে। শিশুদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন