শরীয়তপুরের জাজিরা উপজেলায় মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ৫ বছরের এক শিশুর ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত নাজমুল খাঁ (২৩) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের আব্দুর বেপারী কান্দি এলাকায়। বুধবার বিকেলে বাড়ির পাশে খেলতে থাকা প্লে শ্রেণির শিশুটিকে স্থানীয় ওই যুবক মোবাইল ফোনে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, সেখানেই শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

দীর্ঘ সময় শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাড়ির পাশেই রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান তার মা। জিজ্ঞাসাবাদে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দিলে স্বজনদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

তাৎক্ষণিকভাবে শিশুটিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্ত নাজমুল খাঁকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানভীর হোসেন বলেন,
“শিশুটিকে নির্যাতনের অভিযোগে হাসপাতালে আনা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।”

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন,
“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। শিশুটিকে চিকিৎসার আওতায় আনা হয়েছে এবং অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box