শরীয়তপুরের জাজিরা উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এবতেদায়ী ৫ম, দাখিল ৮ম ও মাধ্যমিক ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সারাদেশের মতো একযোগে জাজিরা উপজেলাতেও এবতেদায়ী, দাখিল মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা শুরু হয়। নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রশাসনের তত্ত্বাবধানে এবং শিক্ষকদের দায়িত্বশীল উপস্থিতিতে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাধ্যমিক ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মোট ৫৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে প্রথম দিনে ৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অন্যদিকে, জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে এবতেদায়ী ৫ম শ্রেণিতে ৬৪ জন এবং দাখিল ৮ম শ্রেণিতে ৪৬ জন শিক্ষার্থীসহ মোট ১১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনে এবতেদায়ী পর্যায়ে ৮ জন এবং দাখিল পর্যায়ে ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উল্লেখ্য, চলতি বছর প্রাথমিক ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ আইনি জটিলতার কারণে সাময়িকভাবে স্থগিত রয়েছে।
জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রিপন খন্দকার পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থীদের শৃঙ্খলা এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সুষ্ঠু দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়েছে।”
সার্বিকভাবে জাজিরা উপজেলায় বৃত্তি পরীক্ষাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা চলায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যেও স্বস্তি দেখা গেছে।

Facebook Comments Box