শরীয়তপুরের জাজিরায় ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় একটি নবনির্মিত আধাপাকা ঘরের টিনের চাল ও বেড়া উড়ে গেছে।
নিহত সোহান একই ইউনিয়নের ব্যাপারীকান্দী গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে। পুলিশ তার মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ফসলি জমি থেকে উদ্ধার করেছে। এই ঘটনায় আরও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিলাসপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, চেয়ারম্যানের চাচাতো ভাই সাগর বেপারীর একটি ফাঁকা ঘরে ককটেল তৈরির সময় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রচণ্ডতায় সোহানের দেহ ছিটকে অদূরের একটি রসুন ক্ষেতে গিয়ে পড়ে।
ঘরের মালিক সাগর বেপারীর স্ত্রী শিল্পী বেগম জানান, মানুষের সহযোগিতায় ঘরটি নির্মাণ করলেও তারা এখনও সেখানে বসবাস শুরু করেননি। ঘরটি তালাবদ্ধ না থাকায় কে বা কারা সেখানে ঢুকেছিল তা তারা জানেন না।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




মন্তব্য করুন