শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির সংখ্যা তিন-এ দাঁড়িয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে পুলিশ জানায়, সর্বশেষ আহত নয়ন মোল্লা (২৫) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নয়ন বিলাসপুর ইউনিয়নের ব্যাপারীকান্দি গ্রামের জয়নাল মোল্লার ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নবী হোসেন (২২) এবং ঘটনার দিন ৮ জানুয়ারি সোহান ব্যাপারী (৩২) নামে আরও দুইজন নিহত হন। উল্লেখ্য, ৮ জানুয়ারি ভোরে ব্যাপারীকান্দি এলাকার একটি টিনের ঘরে বোমা তৈরির সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘরের টিনের চালা উড়ে যায় এবং একজনের মরদেহ আধা কিলোমিটার দূরে ফসলি জমিতে ছিটকে পড়ে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ জানান, এই ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার পর সিআইডি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে গান পাউডার, স্প্লিন্টার, তারের কাঁটা ও মার্বেল পাথরসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেন।
এছাড়া গত সোমবার যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিলাসপুর এলাকা থেকে আরও ৪৫টি বোমাসদৃশ বস্তু ও একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুনরায় সংঘাত এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




মন্তব্য করুন