শরীয়তপুরের জাজিরায় গভীর রাতে মশাল মিছিল এবং ‘ভোট বর্জনের’ আহ্বান জানিয়ে দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে কার্যক্রম-নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এসব ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা একদল তরুণ জাজিরা উপজেলা সদর ও বিকেনগর এলাকার বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছেন। পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবির পাশাপাশি ‘নো ব্যালট, নো ভোট’, ‘ভোট দিতেই যাব না’—এমন স্লোগান লেখা রয়েছে। ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ’ নামক ছাত্রলীগের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ভিডিওটি প্রচার করা হয়েছে।
অন্য একটি ভিডিওতে ১৫ থেকে ২০ জন তরুণকে জ্বলন্ত মশাল হাতে সড়কে মিছিল করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে নেতিবাচক স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, জেলা ছাত্রলীগের পলাতক নেতা-কর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টি ও নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই কাজ করেছেন।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, ভিডিওর বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। এটি পুরোনো কোনো ঘটনা কি না তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নির্বাচনের আগে এমন তৎপরতা ঠেকাতে জাজিরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




মন্তব্য করুন