জ্বর, শ্বাসকষ্ট ও হাঁচি-কাশি নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া সেই যুবকের শরীরে করোনা ভাইরাস ছিল না বলে জানিয়েছেন শরীয়তপুর সিভিল সার্জন ডা. এস.এম. আব্দুল্লাহ আল মুরাদ। শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ৩১ মার্চ শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর’এ পরের দিন পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার সকালে আমরা তার পরীক্ষার ফলাফল হাতে পাই। তার ফলাফল নেগেটিভ এসেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
জানা যায়, শ্বাসকষ্ট, জ্বর ও কাশি থাকায় ওই যুবককে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে ১৯ মার্চ কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় তার যক্ষ্মা ধরা পড়ায় তাকে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে ২৩ মার্চ তিনি সদর হাসপাতাল থেকে বাড়ি চলে যান।
এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুনীর আহমেদ খান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমাদের সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে মারা যাওয়া ব্যক্তির শরীরের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় দৈনিক রুদ্রবার্তাকে জানান, তার সংস্পর্শে আসা ২৩ ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। আজ ওই ব্যক্তির করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় ২৩ ব্যক্তিকে কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
Facebook Comments Box




মন্তব্য করুন