শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ে স্কুলের সহকারি শিক্ষক জুলহাস উদ্দিনকে ১০দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, সোমবার (২১ এপ্রিল) উপজেলার ডগ্রী ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ কেন্দ্রে এসএসসি পরিক্ষা চলাকালীন সময়ে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুলের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে শিক্ষক জুলহাস উদ্দিন এর বিরুদ্ধে।
ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে ১০দিনের কারাদণ্ড প্রদান করেন।
পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস বলেন, ‘এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে আমাদের বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুলহাস উদ্দিনকে ১০দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।’
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম বুলবুল জানান, “ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনৈতিক আচরণ বা হয়রানিকে বরদাশত করা হবে না।”




মন্তব্য করুন