শরীয়তপুরের নড়িয়া উপজেলার সিংহলমুড়ী গ্রামে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় দুই কলেজপড়ুয়া নারী শিক্ষার্থী আহত হয়েছেন। হামলার ঘটনায় আটজনের নাম উল্লেখসহ আরও সাতজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হলেও বাদি প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন।
আহতরা হলেন—বিউটি বেগমের মেয়ে শান্তা মনি (১৮) ও রিপন ভূঁইয়ার মেয়ে নাজিলা আক্তার (১৭)। ঘটনাটি ঘটে গত ১০ আগস্ট বিকেলে, ৬নং ওয়ার্ডের বিউটি বেগমের বাড়িতে। মামলার এজাহার সূত্রে জানা যায়, সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে ৮ আগস্ট পলাশ খাঁন রায়হান ভূঁইয়া ও ইব্রাহিম ভূঁইয়াকে মারধর করেন। সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে অভিযুক্তরা ফেসবুকে পিস্তলের ছবি পোস্ট করে হুমকি দেন।
এরপর ১০ আগস্ট বিকেলে পলাশ খাঁনের নেতৃত্বে নুর আক্তার খান, শামিম বেপারী, রাব্বি খান, মো. সোহাগ খান, মো. জাহিদ মোকদম, হৃদয় ছৈয়াল, শুভ হাওলাদারসহ ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট ও ভাঙচুর করে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মামলার বাদি বিউটি বেগম অভিযোগ করে বলেন, “মামলা করায় আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি।”
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানান, লিখিত অভিযোগ তদন্ত শেষে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।




মন্তব্য করুন