বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরের নড়িয়ায় লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দীন আহম্মেদ জিন্টু।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত তিনি নড়িয়া উপজেলার ঘড়িষার, পন্ডিতসার এলাকা ও আশপাশের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে এ লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে মহিউদ্দীন আহম্মেদ জিন্টু গণমাধ্যমকে বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জনগণ এখন পরিবর্তন চায়। তাই আমরা জনগণের পাশে থেকে তাদের অধিকার ফিরিয়ে আনার লড়াই করছি। বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয় এটি জনগণের মুক্তির রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশে আইনের শাসন গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, অটোরিকশা, দোকানদার ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফার মূল বার্তা তুলে ধরেন।

Facebook Comments Box