শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়নে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মতিউর রহমান সাগরের হাতে ফুল দিয়ে তারা দলবদল করেন।
বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন ঘরিষার ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য পদত্যাগী সহ-সভাপতি আফজাল ফকির, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাজাহান মল্লিক এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চান মিয়া কোতোয়াল। নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে গত ২২ ডিসেম্বরও একই ইউনিয়নে পনু সিকদার ও নাজমুল রাড়ির নেতৃত্বে আরও অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন।
যোগদান অনুষ্ঠানে নতুন আসা নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন নির্বাচনে নড়িয়া-সখিপুর আসনে বিএনপি নেতা আলহাজ সফিকুর রহমান কিরণকে বিজয়ী করতে তাঁরা মাঠে সক্রিয় থাকবেন বলে অঙ্গীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান সাগর বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে দল কাজ করে যাচ্ছে। নড়িয়া ও সখিপুর এলাকাকে বিএনপির শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে নতুন এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঘরিষার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাঝির সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রদল নেতা ইমরান সরদার সঞ্চালনা করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন