শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলায় পদ্মা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের সি.সি ব্লক কাস্টিং কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারী) দুপুর ১২ টায় নড়িয়া উপজেলার ঈশ^রকাঠি এলাকায় কাজের উদ্বোধন করেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
এসময় জেলা প্রশাসক কাজী আবু তাহের, খুলনা শিপইয়ার্ড লিঃ এর ডিজাইন এ- প্লানিং এর জিএম ক্যাম্পেট শহীদুল্লাহ আল ফারুক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান শেখ ও নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী ও শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে এনামুল হক শামীম সাংবাদিকদের বলেন, আমাদের টার্গেট হচ্ছে আগামী বর্ষার আগে এমন কার্যকর ব্যবস্থা নেয়া যাতে বর্ষা মৌসুমে এ অঞ্চলে পদ্মা নদী আর না ভাঙ্গে। এটা শুধু নড়িয়াই নয়, সারা বাংলাদেশে যে নদীভাঙ্গন এলাকা রয়েছে সব জায়গাই আমরা এটাকে প্রাধান্য দিয়েছি। এখানে প্রায় ১১শ কোটি টাকার প্রকল্প, কাজের সময়সীমা হচ্ছে তিন বছর। ১১শ কোটি টাকার কাজতো আমরা তিন মাসের মধ্যেই কারতে পারবো না। কিন্তু আমরা টার্গেট করে ২০ লাখ জিও ব্যাগ আমরা ফেলবো আগামী বর্ষার আগে এপ্রিলের মধ্যে। ব্লক প্রতিদিন ১ হাজার, ফেব্রুয়ারী মাস থেকে প্রতিদিন ৩ হাজার, মার্চ মাসে এটা ৬ হাজার হয়ে যাবে। অর্থাৎ আগামী ১৫ এপ্রিল বর্ষাকে টার্গেট রেখে যেভাবে কাজ করলে নদী ভাঙার হাত থেকে নড়িয়াকে রক্ষা করা যাবে সেভাবেই প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছি।
তিনি আরও বলেন, মন্ত্রী থেকে শুরু করে পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী বা যারাই কাজের ক্ষেত্রে অবহেলা বা অনিয়ম করবে তারা কোনভাবেই পার পাবেনা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এটা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ।
বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ডের অধীনে ‘শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডানতীর রক্ষা’ প্রকল্পের চুক্তি মূল্য হচ্ছে ১০৭৭ কোটি টাকা। গত ২০১৮ সালের ২৯ অক্টোবর চুক্তিমূল্যে স্বাক্ষর করা হয় এবং আগামী ৩০ এপ্রিল ২০২১ সালে চুক্তি মোতাবেক প্রকল্পের কাজ সমাপ্ত হবে। প্রকল্পে নদীর তীর রক্ষা কাজ ৮.৯০ কিলোমিটার এবং পদ্মা নদী ড্রেজিং (৩৩৩.২৩ লক্ষ কিউবিক মিটার)। মোট জিও ব্যাগ ৪০.১০ লাখ এবং সিসি ব্লক তৈরী ৩২.৪৭ লক্ষ ও চর ড্রেজিং ৩৩৩.২৩ লক্ষ ঘনমিটার। বাংলাদেশ নৌবাহিনীর অধিন খুলনা শিপইয়ার্ড লিঃ প্রকল্পটির কাজ করছেন।


মন্তব্য করুন