শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় আলাল শেখ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। শনিবার সকাল ১০ টার দিকে ওই লম্পট যুবককে আটক করেছে পুলিশ। আলাল শেখ উপজেলার নশাসন ইউনিয়নের গাগড়ীজোড়া গ্রামের মোসলেম শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি শুক্রবার বিকেলে খেলতে খেলতে পাশের বাড়ি আলাল শেখের ঘরে যায়। ঘরে কোন লোক না থাকায় এ সুযোগে লম্পট আলাল ওই শিশুকে ধর্ষণ করে এমনটাই অভিযোগ শিশুটির পরিবারের।
এ সময় শিশুর চিৎকারে মা সহ স্থানীয় লোকজন বাড়িতে প্রবেশ করে। অসুস্থ অবস্থায় শিশুকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশকে খবর দেয়। শনিবার সকাল ১০ টার দিকে পুলিশ গাগড়ীজোড়া এলাকা থেকে আলাল শেখকে আটক করে থানায় নিয়ে যায়।
শিশুটির বাবা বলেন, আলাল শেখ আমার মেয়েকে নির্যাতন করছে। পরে আমি আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করছি। মেয়েকে নির্যাতনের বিচার চাই।
নড়িয়া থানা পুলিশের তদন্ত ওসি আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। মামলার প্রস্তুতি চলছে।
ওসি বলেন, শিশুটির চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির সাথে কি হয়েছিল তা ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেলে বলা যাবে।
Facebook Comments Box

মন্তব্য করুন