চলতি বছরে অনুষ্ঠিত হওয়া গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নানা অনিয়ম, শিক্ষার্থী সংকট ও আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ দীর্ঘ সেশনজটের শঙ্কায় গুচ্ছের বিপক্ষে মত দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকাংশ শিক্ষক। কিন্তু শিক্ষকদের মতকে উপেক্ষা করেই গুচ্ছের পক্ষে মত দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। তিনি বলেন, সরকারি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু আমরা নয় আরও অনেক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে ইচ্ছুক। অবশ্যই আমরা চ্যালেঞ্জগুলো জানিয়েছি। ভর্তি কার্যক্রমের দীর্ঘসময়, শিক্ষার্থী সংকট ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা মাত্র একবার অনুষ্ঠিত হয়েছে। কিছু সমস্যা তো ছিলই। অবশ্যই এক বছরে কোন বিষয়ের ফল পাওয়া যায় না। এ পদ্ধতিতে যে সমস্যাগুলো ছিল সেগুলা সমাধানে চেষ্টা করবে টেকনিক্যাল কমিটি। কেন্দ্রীয়ভাবে সবকিছুর আয়োজনের কথা বলা হয়েছে। নতুন করে আরও ২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছতে যুক্ত হয়েছে। এদিকে গুচ্ছ পদ্ধতিতে মত দেয়ার পরপরই বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম মন্তব্য করেন তার। বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, শিক্ষার্থীদের হয়রানি বন্ধের স্বার্থে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে গুচ্ছ থেকে বেরিয়ে আসছে তখন কুবির এমন সিদ্ধান্ত নেয়াটা অযৌক্তিক ও হাস্যকর।

শরিফুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ শিক্ষার্থী বান্ধব নয়। যদি শিক্ষার্থী বান্ধব হতো তাহলে এবারের গুচ্ছ থেকে শিক্ষা নিয়ে গুচ্ছ থেকে বেরিয়ে আসতো। এদিকে গত ৩১ মার্চ সময় ও আর্থিক হয়রানি, আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষার্থী সংকটসহ নানা অব্যবস্থাপনার কথা চিন্তা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার পক্ষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রসঙ্গত, গতবছর প্রথমবারের মত গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে অন্তর্ভুক্ত হয়েছে।

Facebook Comments Box