চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলি ও কুপিতে মিজানুর রহমান অভি (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) ভোরে হাশিমপুর বকুলতলা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত অভি এখলাছপুর গ্রামের ফজলুল হকের ছেলে এবং নারায়ণগঞ্জে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর আধিপত্য বিরোধ চলছিল। নাহিদ গাজী একাধিক ডাকাতি মামলার আসামি ও চক্রের সক্রিয় সদস্য।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক জানান, মরদেহে মাথায় গুলির চিহ্নসহ একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা ছিল এবং স্থানীয় একটি চক্রের সঙ্গে তার মতবিরোধ ছিল। জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

Facebook Comments Box