গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ তীব্র কীটনাশকের গন্ধে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ২০ জন শিক্ষার্থী। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের মধ্যে ১০ থেকে ১২ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর শ্বাসকষ্ট ও বমি নিয়ে আটজনকে ভর্তি করা হয় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অষ্টম শ্রেণির ছাত্রী সুপ্রিয়া খানম জানান, গণিত ক্লাস চলাকালীন জানালা দিয়ে হঠাৎ গন্ধ আসতে শুরু করে। মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে অন্যরা আতঙ্কে মাঠে নেমে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী দেরাবতী বলেন, “শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।” তবে কীটনাশকের গন্ধের উৎস খুঁজে পাওয়া যায়নি। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস জানান, হাসপাতালে আসা শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রয়েছে। আশঙ্কার কিছু না থাকলেও হঠাৎ আতঙ্কে অনেকে অসুস্থ হয়ে পড়ে।

Facebook Comments Box