ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আন্দোলনকারীদের হামলায় উপজেলা পরিষদ, ইউএনও অফিসসহ অন্তত ২০টি সরকারি দপ্তর এবং দুটি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকায় ফেরার পথে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, “যারা ফ্যাসিস্ট, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে আমি তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।” তিনি আরও জানান, “জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয়, আমরা তা করব। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।”
ডিআইজি রেজাউল করিম মল্লিক ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল এবং ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
অনুসন্ধানে জানা গেছে, ভাঙ্গায় সম্প্রতি রাজনৈতিক উত্তেজনার মধ্যে থানায় হামলা, মোটরসাইকেল অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।




মন্তব্য করুন