ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর ২০২৫ |
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলায় এক সপ্তাহ সব মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পূজার সময় কোনো ধরনের ডিজে পার্টি করা যাবে না; কেবল ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গান ও সঙ্গীত পরিবেশন করা যাবে।
বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন তিনি।
এসপি আব্দুল জলিল বলেন, পূজা উপলক্ষে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং সম্ভব হলে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি পূজার সময় ইভটিজিং, কিশোর গ্যাং কিংবা গুজব ছড়িয়ে কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সহ-সভাপতি সঞ্জীব দাসসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন