রোববার (১২ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিনথিয়া আক্তার মীম (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত সিনথিয়া নিলফা মডার্ন কিন্ডারগার্টেনের ছাত্রী এবং উপজেলার বর্ণি ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা মিরাজ শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা গোপালগঞ্জ–পিরোজপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব জানান, “দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে। প্রশাসনের অনুরোধে তারা পরে অবরোধ তুলে নেয়।”
তিনি আরও জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।




মন্তব্য করুন