মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের সদর উপজেলার সিদ্দিকখোলা এলাকায় সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ (৩৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের কালু বেপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাইসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন আবদুল্লাহ। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত দুই মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মন্তব্য করুন