অবৈধ পথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুই তরুণের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম, পুরো পশ্চিম লওখন্ডা গ্রামে নেমেছে শোকের ছায়া।

নিহতরা হলেন—জাহিদ শেখের ছেলে আনিস শেখ এবং আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ। নিখোঁজদের মধ্যে রয়েছেন ইব্রাহিম শেখ, ধলা শেখ, দুলাল মীনা, আশিক মীনা, সোহেল মোল্যা এবং নিয়াজ মীনা।

নিহত এনামুলের পিতা আকোব আলী শেখ জানান, গত বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল খুমস উপকূল থেকে তার ছেলে ও কয়েকজন ইতালির উদ্দেশে যাত্রা করে। মাঝপথে কোস্টগার্ড ধাওয়া করলে নৌকাটি ডুবে যায়। তিনি বলেন, “২১ লাখ টাকার বিনিময়ে ছেলেকে লিবিয়া পাঠিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরল।”

স্থানীয়রা জানান, এ ঘটনায় গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এর আগে গত ১৪ নভেম্বর একই এলাকায় নৌকাডুবিতে আরও চারজন বাংলাদেশি প্রাণ হারান। অবৈধ পথে ইউরোপ যাত্রার প্রবণতা বহু তরুণের জীবন কেড়ে নিচ্ছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বলেন, বিষয়টি মৌখিকভাবে জানা গেছে। অফিসিয়াল কাগজপত্র পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box