ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় টানা চার ঘণ্টার এ সংঘর্ষে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রাম্য মাতুব্বর নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত উভয় পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, সরকি ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়ি ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
সালথা থানার এসআই মারুফ হোসেন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়াতে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হবে।




মন্তব্য করুন