মাদারীপুর পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আক্তার হাওলাদার গ্রুপের সঙ্গে হাসান হাওলাদার ও কামরুল গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে শনিবার দুপুরের পর উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে নামে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ। সংঘর্ষ চলাকালীন ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

সহিংসতায় অন্তত একজন গুরুতর আহত হয়েছেন, তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর থানার পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box