ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন ইজিবাইকের ছয় আরোহী। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার ঘটকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ‘সার্বিক পরিবহন’র একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের তিন আরোহী নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box