ভারত বাংলাদেশের ভূখণ্ড এড়িয়ে উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য (সেভেন সিস্টার্স) এর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপনের জন্য একটি নতুন করিডোর নির্মাণ করছে। এই প্রকল্পে সমুদ্রপথে কলকাতা থেকে মিয়ানমারের সিত্তে বন্দর হয়ে কালাদান নদী দিয়ে পালেটয়া, এবং সেখান থেকে সড়কপথে মিজোরামের জোরিনপুই ও আইজল পর্যন্ত সংযোগ স্থাপিত হবে। এছাড়া, শিলং থেকে শিলচর পর্যন্ত ১৬৭ কিলোমিটার দীর্ঘ চার লেনের জাতীয় সড়ক নির্মাণ করবে ভারতের জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন করপোরেশন (এনএইচআইডিসিএল)।

প্রকল্পটির জন্য ২২,৮৬৪ কোটি রুপির বাজেট অনুমোদন করেছে ভারত সরকার। এটি বাস্তবায়িত হলে শিলং-শিলচর যাত্রার সময় ৮.৫ ঘণ্টা থেকে কমে ৫ ঘণ্টা হবে, পণ্য পরিবহন সহজ হবে এবং উত্তর-পূর্বাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। তবে, মিয়ানমারের রাখাইন প্রদেশের ৮০% এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে।

এই উদ্যোগের পেছনে কূটনৈতিক কারণও রয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের শীতলতা এবং ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বক্তব্যের পর ভারত এই বিকল্প পথের পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Facebook Comments Box