২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কুয়েতে শ্রম ও রেসিডেন্সি আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১,৪৬১ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়, মেজর জেনারেল হামাদ আল-মুনিফির নেতৃত্বে পরিচালিত দেশব্যাপী নিরাপত্তা অভিযানের ভিত্তিতেই এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭৩০ জন শ্রম আইন লঙ্ঘনকারী এবং ৭৩১ জনকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য বহন ও সংরক্ষণের দায়ে ৫৮৯ জন, বৈধ পরিচয়পত্র ছাড়া অবস্থান করার কারণে ৪৫৬ জন এবং লাইসেন্সবিহীন হকারি করার দায়ে ৪২৪ জনকে আটক করা হয়েছে।
এই সময়ে নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ১,২৭৬টি চেকপোস্ট পরিচালনা করে, যেখানে ৭৪,৮৪২টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয় এবং ১,৪২৬টি যানবাহন জব্দ করা হয়। একই সঙ্গে বিভিন্ন অভিযোগে আরও ৫৭৯ জনকে গ্রেপ্তার করা হয়।
দেশটির পাবলিক সিকিউরিটি বিভাগ জানিয়েছে, যারা আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের শনাক্ত করতে তারা নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ নাগরিকদের যেকোনো অবৈধ কর্মকাণ্ড রিপোর্ট করার আহ্বান জানিয়েছে এবং আইন লঙ্ঘনকারীদের আশ্রয় না দিতে সতর্ক করেছে।
তবে এই ১,৪৬১ জন গ্রেপ্তার হওয়া প্রবাসীর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তবুও ধারণা করা হচ্ছে, কিছু সংখ্যক বাংলাদেশিও রেসিডেন্সি ও শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তারের আওতায় পড়েছেন।




মন্তব্য করুন