বেঙ্গালুরু, ২২ সেপ্টেম্বর — এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রী শৌচাগার খুঁজতে গিয়ে ভুল করে ককপিটের দরজা খোলার চেষ্টা করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার সকালে বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়ার পথে আইএক্স‑১০৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত যাত্রী জীবনে প্রথমবার বিমানে উঠেছিলেন। শৌচাগার খুঁজতে খুঁজতে তিনি ককপিটের প্রবেশপথে চলে যান এবং দরজা খোলার চেষ্টা করেন। ক্রুরা দ্রুত তাকে থামিয়ে দেন এবং তিনি শান্তভাবে আসনে ফিরে আসেন।

“আমরা যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনো আপস করিনি, প্রোটোকল যথাযথভাবে কার্যকর হয়েছে।” বললেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র।

তবে ইকোনমিক টাইমস দাবি করেছে, ওই যাত্রী ককপিটের দরজার জন্য পাসকোড প্রবেশ করিয়েছিলেন । এতে হাইজ্যাক আতঙ্কে পাইলট তাকে আটকে রাখেন। যদিও হিন্দুস্তান টাইমস এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বারাণসীতে বিমান অবতরণের পর ওই যাত্রীকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেওয়া হয়। তার সঙ্গে ভ্রমণ করা সাতজনের লাগেজও পুনরায় তল্লাশি করা হয়েছে।

ঘটনাটি ঘটে লন্ডন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিলম্বিত হওয়ার মাত্র একদিন পর, যা নতুন করে বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

 

Facebook Comments Box