বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) দুপুরে তীব্র ঝড়ো আবহাওয়া ও বহরের সামনের জাহাজগুলোতে হামলার খবর সত্ত্বেও গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ যাত্রা অব্যাহত রেখেছে। বাংলাদেশ থেকে অভিযানে যোগ দেওয়া আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম সামাজিক মাধ্যমে লাইভে এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রিক কর্তৃপক্ষ ঝড়ের সতর্কতা দিলেও জাহাজটি এগিয়ে চলেছে। ক্যাপ্টেন ঝড় এড়াতে গত রাতে গতি বাড়িয়েছিলেন। বর্তমানে বৃষ্টি ও বজ্রপাত থেমে গেছে, তবে ‘কনসায়েন্স’ বহরের অন্য জাহাজগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে আছে।

শহিদুল আলম আরও জানান, সামনের জাহাজগুলোতে আক্রমণ হয়েছে, তবুও তারা ভীত না হয়ে এগিয়ে যাচ্ছেন।
“আমরা এই ভীতি প্রদর্শনে দমে যাচ্ছি না। গাজার পথে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা অবরোধ ভাঙব, ফিলিস্তিন মুক্ত হবে।”

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান অংশ নিয়েছে, যেখানে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও মানবাধিকারকর্মীরাও আছেন। এই অভিযানের লক্ষ্য—অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের নৌ অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ জানানো।

Facebook Comments Box