গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অংশ হিসেবে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম বর্তমানে ভূমধ্যসাগরে অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, “আমি গাজার খুব কাছাকাছি চলে এসেছি।”

ফ্লোটিলায় ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন। ইসরায়েল দাবি করেছে, বহরের একটি বাদে সব জাহাজ আটক করা হয়েছে, যদিও এই দাবির সত্যতা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ভিডিওতে শহিদুল জানান, উত্তাল সমুদ্রের কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। রাত ১০টার দিকে দ্বিতীয় ভিডিওতে জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য তুলে ধরেন এবং বলেন, “আজ বমি করে পড়ে গিয়েছিলাম, তবে গুরুতর কিছু হয়নি।”

তিনি আরও জানান, জাহাজে ২০ জন চিকিৎসক ও নার্স থাকায় চিকিৎসাসেবা ভালোই পাচ্ছেন। ভিডিওতে তাঁকে হাসিমুখে সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

শহিদুল আলম তাঁর ক্যাপশনে লেখেন, “যে মনোযোগ পেয়েছি, তা আমাকে ভীষণ ভালো লেগেছে। আমার ভাগ্নী মাওলি বলতো, আমি একজন ডাম্রা কুইন।”

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ একটি মানবিক উদ্যোগ, যার লক্ষ্য—গাজার জনগণের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছানো। ইসরায়েলি বাধা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মধ্যেও বহরের যাত্রা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box