গাজা সিটিতে সামরিক অভিযান আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। শনিবার (৪ অক্টোবর) দেশটির রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার নির্দেশ দেয়, যা গাজা দখলের পরিকল্পনা থেকে একধাপ পেছনে আসার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

সরকারি অর্থায়নে পরিচালিত ‘আর্মি রেডিও’ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে হামাসের আংশিক সম্মতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক ডরোন কাদোস জানিয়েছেন, সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন’ পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে গাজা সিটির দখল অভিযান স্থগিত রাখা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, হামাস সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাব বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে তেলআবিব। হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়ার পাশাপাশি মৃতদের দেহাবশেষ হস্তান্তর করা হবে। এর বিনিময়ে ইসরায়েলও গাজার শত শত বন্দিকে মুক্তি দেবে।

এই শান্তি উদ্যোগের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার ২০ দফা প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন। এর কয়েক ঘণ্টা আগেই হামাস আংশিক সম্মতি জানায়। তারা জীবিত ও মৃত জিম্মিদের মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্তে আরও আলোচনা চায়।

ট্রাম্প হামাসের অবস্থানকে ইতিবাচক বলে অভিহিত করে বলেন, “সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে।”

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদিও চূড়ান্ত সমাধানের পথ এখনও জটিল।

Facebook Comments Box