ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও গণতন্ত্রপন্থী কর্মী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন। তবে এই সম্মান তিনি উৎসর্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যিনি তার ভাষায় “ভেনেজুয়েলার স্বাধীনতা আন্দোলনে সিদ্ধান্তমূলক সমর্থন” দিয়েছেন।

নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে, মাচাদোকে এই পুরস্কার প্রদান করা হয়েছে “ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচার থেকে শান্তিপূর্ণ উত্তরণের জন্য তার নিরলস সংগ্রামের স্বীকৃতিস্বরূপ”।

এক্সে প্রকাশিত এক পোস্টে মাচাদো লিখেছেন, “আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনেজুয়েলার যন্ত্রণাক্লিষ্ট জনগণ এবং আমাদের আন্দোলনে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় সমর্থনের উদ্দেশ্যে।” তিনি আরও বলেন, “আমরা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমরা নির্ভর করছি প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন জনগণ, লাতিন আমেরিকার দেশসমূহ এবং বিশ্বের গণতান্ত্রিক জাতিগুলোর ওপর”।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মাচাদোর পোস্টটি শেয়ার করেছেন। যদিও ট্রাম্প প্রশাসনের কিছু সদস্য নোবেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে সরাসরি কোনো মন্তব্য করেননি।

তবে পরে এক ফোনালাপে মাচাদো তাকে জানান, “আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ আপনি-ই প্রকৃতভাবে এর যোগ্য”। ট্রাম্প মজার ছলে বলেন, “আমি বলিনি, ‘তাহলে আমাকেই দাও’, যদিও আমার মনে হয়, উনি হয়তো দিতেও পারতেন”।

মাচাদো বর্তমানে ভেনেজুয়েলায় আত্মগোপনে রয়েছেন। নির্বাচনে অংশগ্রহণে বাধা পাওয়ায় তিনি সাবেক কূটনীতিক এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়ার পক্ষে প্রচার চালিয়েছেন, যাকে আন্তর্জাতিক মহলের একটি বড় অংশ বৈধ বিজয়ী হিসেবে বিবেচনা করে।

Facebook Comments Box