আসন্ন ১৪৪৭ হিজরি সনের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান এক বিবৃতিতে জানান, ১৭ ফেব্রুয়ারি আকাশে রমজানের চাঁদ দেখা যেতে পারে, তবে সেটি সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই অস্ত যাবে। ফলে সেদিন চাঁদ খালি চোখে দেখা সম্ভব নয়।
তিনি জানান, এ অবস্থায় ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা নেই; বরং ১৯ ফেব্রুয়ারি থেকেই মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে।
তার হিসাব অনুযায়ী, ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের সরকারি চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
প্রতিবেদনে আরও বলা হয়, রমজানের শুরুর দিকে ওই অঞ্চলে প্রতিদিন গড়ে প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। মাসের শেষদিকে সময় কিছুটা বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
তবে সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে, তারা প্রায়ই নিজেদের উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে থাকে, যা অনেক সময় চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রচারিত হয়।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর রমজান ও ঈদ পালিত হয়। তাই এ হিসাবে বাংলাদেশে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ (শনিবার)।
🔸 সতর্কীকরণ: উপরের তারিখগুলো জ্যোতির্বিদ্যাগত পূর্বাভাসের ওপর ভিত্তি করে প্রণীত; চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।




মন্তব্য করুন