জাপানের নাগোয়া শহরে বসবাসরত ৩৮ বছর বয়সী তাকুয়া হিগাশিমোতো নামের এক ব্যক্তি দেশটির জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘ডেমায়ে-ক্যান’-এর নীতিগত দুর্বলতা কাজে লাগিয়ে দুই বছরে এক হাজারেরও বেশি খাবার বিনা মূল্যে অর্ডার করেছেন। এই প্রতারণার মাধ্যমে তিনি প্রায় ২৪ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি হিসাবে প্রায় ৩০ লাখ টাকার খাবার সংগ্রহ করেন।
জাপানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তাকুয়া অ্যাপটিতে ‘কনট্যাক্টলেস ডেলিভারি’ অপশন বেছে নিতেন এবং খাবার পৌঁছানোর পর দাবি করতেন, তিনি অর্ডার পাননি। কোম্পানির রিফান্ড নীতিমালা অনুযায়ী তাকে অর্থ ফেরত দেওয়া হতো, ফলে বিনা মূল্যে খাবার পেয়ে যেতেন তিনি।
প্রতারণা আরও জটিল করে তুলতে তিনি ব্যবহার করেন ১২৪টি ভিন্ন অ্যাকাউন্ট, প্রতিটি খুলতেন ভুয়া নাম ও ঠিকানা দিয়ে এবং প্রিপেইড কার্ডের মাধ্যমে। কিছুদিন ব্যবহারের পর প্রতিটি অ্যাকাউন্ট বাতিল করে দিতেন, ফলে দীর্ঘদিন জাপানি কর্তৃপক্ষ তার কার্যকলাপ শনাক্ত করতে পারেনি।
সবশেষ গত ৩০ জুলাই একই কৌশলে একাধিক খাবারের অর্ডার দিয়ে ফের ১০৫ ডলার রিফান্ড নেন। এরপর তদন্ত চালিয়ে পুলিশ তাকুয়াকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে তিনি বলেন, “অনেক বছর ধরে বেকার। প্রথমে কৌতূহলবশত চেষ্টা করেছিলাম, কিন্তু যখন বিনা দামে খাবার পেতে শুরু করলাম, তখন আর নিজেকে আটকাতে পারিনি।” বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু প্রযুক্তিগত দুর্বলতা নয়, বরং নীতিগত জবাবদিহিতার অভাবকেও সামনে এনেছে। ফুড ডেলিভারি অ্যাপগুলোর নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী করার দাবি উঠেছে।

মন্তব্য করুন